সব ঠিক থাকলে আজ রাতেই আমার মৃত্যু হবে
তুমি নাকি খুব করে বুঝে গেছো
আমি আর তোমার নেই-
তোমার চুল কাটা নিয়ে মান করি না
তোমার মাঝ রাতের ঘুম কাড়ি না
তোমার ঠোঁটের আঘাত চাই না
তোমার হাতের পরশ বুঝি না
অথচ তোমার বিরক্তির শেষ ছিলো না
এসব নিয়েই!
আজ এক পশরা অভিযোগ সাজিয়ে
ঝগড়া করলে কয়েক পশলা সন্ধ্যে জুড়েই- ঝগড়া- আমি পরপ্রেমে মশগুল
ঝগড়া- আমি খুব ব্যস্ততম মানুষ
ঝগড়া- আমি তোমাকে পুরনো ভাবি
ঝগড়া- আমি তোমার সঙ্গে অভিনয় করি এতো অভিযোগ কীভাবে সাজাও!
আমি অবাক হই।
তোমার অভিযোগ--- আমি হেসে মরি তোমার অভিযোগ--- আমি রেগে উঠি অতঃপর
তোমার অভিযোগ--- আমি দিব্যি কাটি
-'তোমার অভিযোগ সত্যি হলে ঈশ্বর আমাকে মারুক আজ রাতে!'
প্রতিক্রিয়াহীন তুমি, আমি অবাক---
যখন অধিকাংশ নারী-ই ঈশ্বরে বিশ্বাসী!
আমার অনুকল্প---
এক- তুমি ঈশ্বরে অবিশ্বাসী।
দুই- তুমি প্রেমিকের মৃত্যুতে মুক্তি খোঁজো।
তিন- তুমি আত্ম অবিশ্বাসী।
দু'মাসের অধিক লেগেছিলো হৃদপিণ্ড গলাতে;
দু'বছর আগলে রেখেছি গভীর পরশে;
দু'টি ঘণ্টা-মিনিটে সব কি ভেঙে যাবে?
সব ঠিক থাকলে আজ রাতেই আমার মৃত্যু হবে!


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন